অস্ট্রেলিয়াপ্রবাসী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করেছেন বলে তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন বনি আমিন।
এদিকে ঘটনার পর থেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রোমের একটি রাস্তায় এক ব্যক্তি বনি আমিনকে ধরে রেখে আক্রমণের চেষ্টা করছেন। এ সময় বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। ভিডিওতে হামলাকারীদের তাকে ‘মৌলবাদী’ আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালমন্দ করতেও শোনা যায়।
হামলার পর ইতালির সংশ্লিষ্ট পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বনি আমিন। তিনি নিরাপদে আছেন জানিয়ে ফেসবুকে লেখেন, "আমি এখনো ইতালির ঐতিহাসিক নগরী রোমে আছি এবং আলহামদুলিল্লাহ, ভালো ও নিরাপদ আছি। কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট ইতালীয় পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। পুরো ঘটনা ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিগগিরই বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করব।"
তিনি আরও জানান, রোমের বাংলাদেশি-অধ্যুষিত তোর পিনাত্তারা (Tor Pignattara) এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে তাকে একা পেয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। জন্মভূমি নিয়ে তার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশকে কেন্দ্র করেই এই আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বনি আমিন বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ কর্তৃপক্ষ সংগ্রহ করেছে এবং প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ খতিয়ে দেখছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে তদন্তের মাধ্যমেই সত্য উদঘাটিত হবে এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "হামলা, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ আমাকে আমার বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। প্রতিকূলতা আমাকে থামাবে না—বরং আরও দৃঢ় করবে।"
জেএস